২৩ জুলাই ২০১৩ - ১৯:৩০
সেনাবাহিনীতে মতভেদ নেই, মিশরবাসী রাস্তায় আসুন: সিসি

রাজনৈতিক সংঘাতপীড়িত মিশরে এবার বিক্ষোভের ডাক দিয়েছেন স্বয়ং সামরিক অভ্যুত্থানের নেতা ও সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি।

বার্তা সংস্থা আবনা : রাজনৈতিক সংঘাতপীড়িত মিশরে এবার বিক্ষোভের ডাক দিয়েছেন স্বয়ং সামরিক অভ্যুত্থানের নেতা ও সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি।

তিনি কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সিসি বলেছেন, সেনাবাহিনী যাতে কঠোর হাতে ‘সহিংসতা’ ও ‘সন্ত্রাসবাদ’ দমন করতে পারে সেজন্য জনগণের পক্ষ থেকে একটি ম্যান্ডেট আসা দরকার। মিশর সেনাবাহিনীর একটি শিক্ষা-সমাপনী অনুষ্ঠানে জেনারেল সি এ কথা বলেন।

আগামী শুক্রবার রাজধানী কায়রোসহ সারাদেশে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। মিশরের সেনাপ্রধান দৃশ্যত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির সমর্থকদের বিক্ষোভকে ‘সহিংসতা’ ও ‘সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে তাদেরকে দমনের জন্য জনগণের ম্যান্ডেট চেয়েছেন।

মিশর সেনাবাহিনীর মধ্যে মতপার্থক্যের কথা অস্বীকার করে তিনি বলেন, “আল্লাহর শপথ করে বলতে পারি সেনাবাহিনী ঐক্যবদ্ধ রয়েছে।”

মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পক্ষে সাফাই গেয়ে জেনারেল সিসি বলেন, “আমি মুরসিকে মিশরের সব মানুষের প্রেসিডেন্ট হতে বলেছিলাম।”

২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি বলেন,  ইসলামপন্থীদের তিনি প্রেসিডেন্ট প্রার্থী না দিতে বলেছিলেন কিন্তু তারা তার কথা শোনেনি।